Showing posts with label Decemberer Kobitaguli. Show all posts
Showing posts with label Decemberer Kobitaguli. Show all posts

Monday, December 24, 2012

আগামী গাছ



২৪ ডিসেম্বর ২০১২

৬) আগামী গাছ

কালকের গাছ,
ছায়া বাড়ে রেডিয়োর কিছু সৌখিন।
এগিয়ে যাও দেখো
সাহেবের রঙচটা দোতলায় চুমু
খায় যারা, তুমিও খেয়েছ যাকে
তার ঠোঁটে মৃদু হাসি চাপো।
এরপর চাউমিন দোকানের
ব্যবসা উপচে পড়ে ফুটপাথ
কে সাজায়, লাল সস ছিটে লাগে
খুচরো হবে না দাদা
এক প্লেট আরো নিতে হবে।
আগামী গাছের দিকে যাও
চেনো শিকড়ে ডালে যত শুঁয়োপোকা
এরাও তোমার মতো -
কুৎসিত ঘুমে এরা স্বপ্ন দেখে না।
ছায়া পায়ে এসে ঠেকে, ছ্যাঁকা লাগে
লম্বা দু হাত
আরো আগামীর গাছে
ধাক্কিয়ে ফেলে।

Saturday, December 22, 2012

গাড়ি ঘোরাও



৫) গাড়ি ঘোরাও

আমি পারবো না,
এই অসমাপ্ত চড়ুই পাখিটির ঠোঁটে
যে ধুলো কণা
তার সমস্ত কথা আর বিছানার ডানা
এই রোমহর্ষক রোদে
ছিন্নভিন্ন করেছে আমার ভৌগলিক
কাঁচা কবিতার উপত্যকা।
গাড়ি ঘুরিয়ে নাও,
এই গাছ, এই নদীর শব্দ
আমি আগেও পারিনি,
সাঁতারে গায়ের সবটুকু ভেজে
এমন সেই আলো,
যে হ্রদ, যে আলোচনা ভেজে
সেই পাখিটির টানে ফেরে ঘরে,
সেখানে যাব না।

দাড়ি বাড়ে



৪) দাড়ি বাড়ে

আমাকে যারা ক্ষমা করে যায়
রোজ দুপুরের ছুটি,
আমি দাড়ি কামানোর ফ্যানা তাই
লিখি ব্লেডের কর্মসূচী।
এইবার ভেঙে দেব ভাবি
এইতো ভাঙছি, গাল কাটে
সাদা লাল হয়, গলে মোমবাতি
জলে ফ্যানা বাড়ে, ঘরে ঘৃণা -
একমুখ, একই তাকানো, একই গালাগাল
খুব কম কথা, এবার তোমরা এসো,
দেখলে তো আমি কিছুই পারি না
শুধু জ্বালা করে, শুধু জ্বালা করে,
শুধু জ্বালা করে।

ফ্রি ফল



২২ ডিসেম্বার ২০১২

৩) ফ্রি ফল 

উঁচু বারান্দা থেকে একটি পাথর
মাটির দিকে সোজা
টানতে টানতে বিশ্বজুড়ে
আড়মোড়া ভাঙা শব্দ
নিজের ভেতর থেকেই শোনা,
পাউরুটি স্যাঁকা হাতে
ময়লা মাখন, বাসন, দোকান
পাথর টানে অবগত নয়
স্টোভের আগুন কালো।
তাদের পাশেই পড়বে এসে
হয়ত তাদের মাথায়,
যদি না
গতিপথ কেউ বদলে দিয়ে,
সংজ্ঞা দেবে নতুন আর
কলম ঠুকে পালটে দেবে
অঙ্ক কষার নিয়ম।

Monday, December 03, 2012

বীর


২ ডিসেম্বার ২০১২
২) বীর 

কে তুমি ক্ষত?
আমার পক্ষীরাজ ঘোড়া নেই
ডানা আছে, মাঠ আছে,
পাথর তোমার দু হাতে দু মুঠো থাক না।
ভেবো না আবার কোন
দস্যুর হাত থেকে
তোমাদের কথামত
ছিনিয়ে আনবো যাকে
সে কি তার মুক্তি কে চেনে?
তার বয়সের চুল সাদা, আরো সাদা
পুরোনো অনেক তার
কথামত হেঁটে গেছি, ফিরে এসে
আবার ধাক্কা বোকা
পাহাড়ের গায়ে
থেমে থাকি, থিতু হই।