Showing posts with label Tobe Notun. Show all posts
Showing posts with label Tobe Notun. Show all posts

Sunday, May 12, 2013

জুতোর ভিড়



১২ মে ২০১৩ 

১১) জুতোর ভিড়
খুলে রাখা জুতোর ভিড়ে আমিও ছিলাম
এই পথ, এই বুনো ফুল
দু পায়ে ধুলো ছিল বসন্তের আবির
এই ঘন সবুজের দেশ।

বোতামে ছিলে,
চশমার কাচে আঙুলের ছাপে
রুমালের মতো আমায় মুছলে –

আমিও দেখেছি রোদ ভাঙে,
কিছু স্কুলবাড়ি ছুটি দেয় না  
উপচে পড়া মায়েদের ভিড়ে আমার গাড়ি
আটকে ছিলাম,
ঘড়িতে তোমার ছুটি হয়ে গেছে –

সেই দরজার কাছে
আবার আমার খুঁজতে আসা
আর বারবার ফিরে যাওয়া,
খালি হাতে, খালি পায়ে।

Monday, March 25, 2013

বিশ্রাম



২৫ মার্চ ২০১৩

১০) বিশ্রাম 

এই বারান্দা থেকে যতদূরে তোমাকে দেখা যায়
আমি সেই অদৃশ্যে তাকাই
সেখানে তোমার ফুঁপিয়ে ওঠা
আর আমার তোমাকে কিছুই না দিতে পারা।

তোমার আশে পাশে ঘন
রঙের নামে হাত পা ছোঁড়ে
আমায় দেখে ভয় পায় না
তাকিয়ে থাকে খালি।
আমার কিছু পুরোনো কথা
জড়িয়ে যাচ্ছে তোমার হেডফোনে অথবা ডালে।
খুব উঁচু গাছ হলে ছায়া গড়ায় লম্বা
আমার পায়ে এসে বলে -
এলাম।

অতএব এই বিশ্রাম, এই বিরতি বোঝায়
এখনো আমার প্রয়োজন,
এখনো আমার বয়স অল্প।

Sunday, March 24, 2013

নকল



২৪ মার্চ ২০১৩

৯) নকল

তুমি নকল করতে পারো আমার শুয়ে থাকা,
আমার এই বসে থাকা
অথবা ভীতু রাস্তা পায়ে পায়ে।

গুরুত্বহীন বাকি সমস্ত,
ফলের বিক্রি আর রামের জন্মস্থান,
শুধু সাইকেল চলে যায় পরপর,
অনবরত।
সেগুলো ফুরোলে আমাকে আবার নকল করতে পারো।

কিন্তু যখন আমি সাঁ করে উড়ে যাব,
চৌকো জলের ট্যাঙ্কে চড়ে বসব
অথবা ঠোঁট ফুলিয়ে দেড় হাজার শঙ্খের সুরে
গোটা এলাকা হাউ হাউ করে কাঁদব,
আমাকে নকল করো না।

আমার এই সব ক্ষত ব্যক্তিগত আর
বাকিটুকু অস্পষ্ট।

Sunday, March 10, 2013

বাড়ি কার?



৮) বাড়ি কার?

এখানে কে থাকে?
যার বাড়ি সে তো কোনদিন
এই দরজা দিয়ে ঢোকে নি,
এই ঘাস তার মোজা জুতো দেখেনি।

তাহলে এখানে থাকে কে?
কার জামা শুকচ্ছে রোদ আর
কেই বা পিয়ানো?
কারা যেন জড়িয়ে শুয়ে রয়েছে
সকালের টানে গাঢ় পর্দার
ওজনে ঝিমিয়ে থাকে থকথকে ক্লান্তি।

বয়সের হাঁটুতে দুর্বল
একটু একটু করে পিছিয়ে আসি আমরা,
ওখানে ওরাই শুয়ে থাক,
যার বাড়ি সেও তো জানে না!

দোকানী



১০ মার্চ ২০১৩

৭) দোকানী 

এইতো তোমার মনে নেই!
তুমি বেড়াল মেরে
ভাবলে তোমার
বাছুর কিনে ঘরে ফেরা হল না। 

সেই বাজারে, যেই দোকানী
সুদের ব্যাপার, ভাবলে তোমার
কাঠের শরীর, ভিজলে নাহয়
জ্বরের মতো, শাল চাপাবে।

দোকানী খুব ...
আবোল তাবোল হ্যাঁচকা টানে,
নিঙড়ে নিল কাপড় ভাঁজে
যা ছিল সব গেল।
মিথ্যে কথা ছিটকে লাগে,
চোয়াল বেয়ে নামতে থাকে
সেই দোকানীর থুতু।
থুতনি থেকে ঝুলতে থাকে
এক ফালি এক চোরের মতো
এবার তোমার পড়ল মনে
এখন তুমি পড়লে ধরা
মারলে ছুঁড়ে ...