Showing posts with label 2015 poems. Show all posts
Showing posts with label 2015 poems. Show all posts

Monday, December 21, 2015

বালি কারোর পায়ের ছাপ মনে রাখে না



২১ ডিসেম্বর ২০১৫

বালি কারোর পায়ের ছাপ মনে রাখে না

এক মখমল পাথর বেছানো কৈশোর
নিয়ে চলে গেছে সমুদ্র স্রোত,
আমার দুপাশে লেগে ছিল শুধু
ভাঙনের বালি ধূসর যেমন
শুকনো রোদের দানা উড়ে আসে
ধুয়ে দেয় পিছুটান, যার মানে
এখনো কিছুটা গুঁড়োগুঁড়ো ছেলেমানুষি
লাট্টু ঘুরছে অনেকটা সেইসব
বৃত্তের বাইরে আরও অনেক বৃত্ত
আঁকবে বলে। আমরা থেমেছি,
বানিয়েছি বালিগর্ত নরমে একটু থাকব বলে,
তারপর যে যার গতিতে ছেড়ে গেছি
এইসব কিছু কোনদিন ফিরে এলে
আবার দেখব বলে,
কিন্তু পারিনি, পারব না জানতাম -
বালি কারোর পায়ের ছাপ মনে রাখে না।

Thursday, November 19, 2015

আর একদিন তোমাকে দেখতে পাব



১৯ নভেম্বর ২০১৫

আর একদিন তোমাকে দেখতে পাব

আর একদিন তোমাকে দেখতে পাব
তারপর যা কিছু দেখব সব-ই
তোমার চেহারার কাছাকাছি কিন্তু
কোনটাই যেন আসল নয়।

যা কিছু প্লাস্টিক ফ্যানের হাওয়ায়
উড়তে পারে অথচ
আসলে উড়তে বললে উড়তে পারে না
এরকম অনেক মানুষের মুখ
আর ফেসবুক পোস্ট
শীতের সন্ধের মতো দীর্ঘ হতে হতে
কখন-ও প্যাঁচাদের ঘুম থেকে তুলে দেয়।
যা কিছু অবিকল নকলের মতো
সৃজনশীলতার ব্যর্থতায়,
ফ্রাস্ট্রেশনে ছেপে দেওয়া যায়,
বারবার আলোচনাতেও
কিছু প্রমাণ করা যায় না।

প্রয়োজন নেই কিছুর তাই নদীতীরে
দাঁড়ালে, এখনও তোমারই মুখ
মনে পড়ে।
আর একদিন তোমাকে দেখতে পাব
বলে সারারাত ঘুমোতে পারিনি।

Saturday, September 19, 2015

রেকর্ড ২



১৯ সেপ্টেম্বর ২০১৫

রেকর্ড ২ 

ওরা অকারণ ছবি তোলে
বিনোদনের কোন কারণ লাগে না,
মানুষের খুশী থাকা বেড়ে চলেছে
তাই হাসিমুখে ভরা থাক দেওয়াল আমার।
তাও ধুলোর মতো দুঃখ জমে
রাতে ঘুমোতে যাওয়ার আগে,
শরীরের কোনখানে লেগে আছে
কালশিটের নাম পাল্টালেও ব্যথা কমে না।

রেকর্ড ১



৭ সেপ্টেম্বর ২০১৫

রেকর্ড ১ 

হাল্কা সাদা আলোয়
রেকর্ড করে রাখা সব
অপ্রয়োজনীয় মনে হয় মৃত্যুর কাছে,
জীবনের কাছে অকারণ সময়
জমিয়ে রাখা মেঘে মেঘে
ঢেকে যায় এ পৃথিবীর আকাশ
আর হাঁসফাঁস করে ওঠে ট্রাফিক
আইন মানা সাধারণ।

এই সব মামুলি মেমরি মাখিয়ে
নস্ট্যালজিয়া ল্যাজ নাড়ে প্রত্যেক মেশিনে
আর মেঘ ফেটে যায় তাই
সেলোটেপ, পাসওয়ার্ড হারিয়ে গিয়েও
ফিরে আসে আবার সামনে চলা
সময়-কে ধোঁকা দিয়ে পিছনে হাঁটবে বলে,
ইতিহাস দানাদানা বালিশে ছড়িয়ে রেখে
একমনে তুমি কেঁদো।

যা কিছু ফিরবে না,
তার জন্যই তুমি বাঁচো,
তাতেই শান্তি।
এখন তো চলে গেছে, রেকর্ড করে রেখেছ
আগামীতে দেখবে বলে।

Monday, May 25, 2015

অবস্থান


২৫ মে ২০১৫ 

অবস্থান  

কে কোথায় অবস্থান করে
প্রত্যেক
টি রাতের আকাশে সবাই চিনে রাখে।
তবে সব সময় বোঝা যায় না
আমরা কার সঙ্গে কথা বলছি।

তাই খড়কুটোর দিনে আমাকে বলতে দিয়ো,
নদীর ওজন আমায় মাপতে দিয়ো,
থাকতে দিয়ো তোমার কাছাকাছি
,
খোলা পিঠ আর
উজ্জ্বল কিছু বিজলিবাতির তারে

তারপর বারবার আমি
অনেক দূরে তাকিয়ে থাকি,
সমুদ্র কিংবা আকাশের নীলে,
তিলে তিলে বাড়ে ঢেউ-এর মতো
মানুষের কাটা মাথা, ভেসে আসে।

সবার চোখের সামনে যাকে মারতে পারোনি
তাকে গোপনেই খাতা পেনসিলে মেরো।