Showing posts with label Samanyo othoba ar ektu Series. Show all posts
Showing posts with label Samanyo othoba ar ektu Series. Show all posts

Tuesday, July 03, 2012

লাফিয়ে খেলা


২ জুলাই ২০১২

৮) লাফিয়ে খেলো (১)
যদিও ভাঙা ভাঙা
তবে গুঁড়ো হয়।
এ ভাষা বিনিময়
ফুরিয়ে আসে
কুচো স্মৃতি সাঁতার
ও বেলা সে বেলা,
যে পাড়া
তোমাদের গলিতে
এক চোখ
অন্য দোকানে
নিরীহ গাড়ি
চাপা
রাগে ও প্রভৃতি
ছাপোষা সংলাপে
লাফিয়ে খেলো তুমি
আমিও তাড়াহুড়ো।

৯) লাফিয়ে খেলো (২)
দেবতা আহ্বানে,
নিকটে ক্ষতিহীন,
কখনো অনায়াসে,
কিভাবে গতি তার?
আমারও তারা জমে,
অথবা দেহ জল,
আঙুলে কত কথা,
পকেটে নিশাচর।
তুমিও ছিলে দিন,
পেয়ারা গাছ তাই,
পুকুরে ছায়া চায়,
ঝুড়িতে ফেলা ঘুম,
দু মুঠো রাস্তায়,
কাঁচাতে দুটি হাত,
ফিরিয়ে পাখিদল,
তখনো নিরাকাশ।
যে ঘরে বোনে রঙ,
আকুতি ভয়ানক,
ঘটনা অবিকল,
ছোঁয়াচে কলমে।

১০) লাফিয়ে খেলা (৩)
যে কোন খয়েরি,
নিরীহ নয়,
বিপদে পিছনে,
আসলে ভুল,
আলাপে গোলাপি,
প্রলাপে ছয়,
বেসুরো প্রেম ভাসে,
মরেনি কেউ,
বখাটে প্রতি মোড়ে,
সেখানে লোম,
তফাতে উঁকি দেয়,
বিলিতি খাম,
বালিতে মাখামাখি,
বিছানা নুন,
শয়নে দ্রুত বেগে,
সবুজে ঘা,
যতই কানাঘুষো,
বেপরোয়া,
মাখনে ছুরি কাঁটা,
ঘড়িতে দম।

Friday, June 22, 2012

মনে থাকে না


২২ জুন ২০১২

৭) মনে থাকে না 

মনে থাকে না,
যে চোখ সরে যায়,
তার পাতা খেয়ালী
তাকাতে
হোঁচট লাগে
দাগের চেয়েও স্পষ্ট।
তফাৎ তাগিদ
কোন সময়
অফুরন্ত
এত নেই, তাই
বেছে নেওয়া ভালো,
নিজের মন,
কত রাজ্য
ঘুরেও -
এই ছায়াশরীর
নত হয়ে থাকে।

Thursday, June 21, 2012

পাঁচিল চোখ


২১ জুন ২০১২

৬) পাঁচিল চোখ 

কখনো একলা
অল্প মলাট,
কেন বাঁধো?
রঙ যা নেওয়ার
চুরি গেছে ঋতু
তাই প্রহর
বিচ্ছিন্ন চক্রের
নিকটবর্তী -
তোমার আনাগোনা
পাঁচিলের গা বেয়ে
সবুজ থেকে
আরো সবুজ।
আবার ছোঁ মারে
পাখিদের
একা হয়ে যাওয়া
রোদের
বিকেল বিলাসিতায়।

Friday, May 18, 2012

অনুবাদ দিয়ে

৫) অনুবাদ দিয়ে 

মাইলের পর মাইলের পর
...
তৈরী জমি
কিন্তু
মঙ্গলগ্রহের মন খারাপ,
ক্রমে
অনুবাদ হয়
মানুষের দুঃখ,
গায়ের রঙ,
ধারাবাহিক -
আমি, তুমি
অন্যান্য সর্বনাম।
একই রকম বোকা,
পাখি ডাকে
চিনে ফেলি
গোপন চুম্বন।

শামুক মৃত্যু


১৮ মে ২০১২
৪) শামুক মৃত্যু

ছাড়িয়ে নিয়ো
স্তব্ধতা,
কিছুটা অন্য চরিত্র।
স্মৃতি অথবা
পায়ের ছাপ
সবই
বানানো,
কলমে, পেরেকে, ব্যথায়।
শামুক মৃত্যু
নরম,
চিবিয়ে যাওয়া
দিন রাত -
ভবিষ্যৎ সামুদ্রিক,
ভেজা এবং
শহরের বাইরে।

Saturday, May 12, 2012

উড়োজাহাজ ১,২,৩


সামান্য অথবা আর একটু সিরিজ

১২ মে ২০১২

১) উড়োজাহাজ ১
আমাকে মুক্ত
প্রতিটি পাশ ফেরা
শব্দ, পালটায় ডানা, মহাদেশ -
ব্ল্যাক সী, মুখোমুখি ইউকরেন।
তুমিও পেলে না
ভাগ করে নেওয়া দুপুর -
যাও গান গাও
শহরের সূচনা।
দীর্ঘ ঘুম নামে,
বুকে এসো,
বৃহৎ কিন্তু এত দূরে
আমি মৃত।

২) উড়োজাহাজ ২
অসংখ্য মাছরাঙা
দল বাঁধে
রেলিঙে, বসার ঘরে।
একদিন যেন দেওয়াল
উড়িয়ে নেবে
সূর্যের পরাজিত রঙ।
সারাদিন তাকিয়ে থাকতে পারি
তোমার কানের কাছে -
যে গন্ধে ঝরে সময়
অথবা প্রতি চুম্বনে
বাড়ে আয়ু।
ঘরময় পালক
আর স্নেহ খোঁজে ছায়া
তাই ...

৩) উড়োজাহাজ ৩
প্রমেনাড
যুক্তির পাশাপাশি।
কি ভীষণ
উড়োপাথরের, মেঘরাশি।
অবধারিত,
গাঢ় হয় স্মৃতিতে
অবিবেচক সৈনিক।
বিভিন্ন দ্বিধায়
লাজুক,
নিয়ন্ত্রণহীন লক্ষাধিক
পাথরের বনবন
ঘিরে ধরে
মাঝপথে।